কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দী পলায়ন, ৭ কর্মকর্তা বরখাস্ত প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের দেয়াল টপকে রিম্পা (২১) নামের এক সাজাপ্রাপ্ত বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার দায়ে এই কারাগারের দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। এআইজি জান্নাতুল ফরহাদ জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দী পালিয়ে যেতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নেন রিম্পা। তিনি কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন। এদিকে ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও রিম্পার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় একটি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। পলাতক বন্দীকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। SHARES সারা বাংলা বিষয়: কারা কর্মকর্তা বরখাস্তকারাগারকাশিমপুর মহিলা কারাগারগাজীপুরবন্দী পলায়ন