আগস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসীদের বিশেষ ‘প্রবাসী কার্ড’

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের জন্য নতুন ‘প্রবাসী কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে এই কার্ডের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারের তথ্য অনুযায়ী, প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। এই কার্ড বাস্তবায়নের কাজ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের মতোই গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ডের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কার্ড বিতরণের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসী যেন এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনাও প্রদান করা হয়। এ সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।