এসএসসির ফল ২০ জুলাই নয়, জুলাইয়ের মধ্যেই প্রকাশের আশ্বাস প্রকাশিত: 3:30 PM, July 18, 2026 চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন শিক্ষা বোর্ড ফল প্রকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে তা প্রকাশ করা যাচ্ছে না। তবে ফলাফল প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে শিক্ষা বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং শিক্ষামন্ত্রীও সে অনুযায়ী বোর্ডগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিলেও বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের ব্যস্ততার কারণে প্রত্যাশিত সময়ের মধ্যে ফল তৈরির কাজ শেষ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগলেও খুব বেশি বিলম্ব হবে না। চলতি মাসের মধ্যেই সব কাজ গুছিয়ে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ ২৪ মে শেষ হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। SHARES শিক্ষা বিষয়: এসএসসি পরীক্ষাপ্রকাশের তারিখফলাফলশিক্ষা বোর্ড