এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যদের জন্য পুনঃপরীক্ষার পরিকল্পনা সরকারের প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হবে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। পুনঃপরীক্ষার এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের একটি বছর যেন ঝরে না পড়ে এবং তারা যেন পছন্দের বিষয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারে, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া কারো যদি ভিন্ন কোনো ক্যারিয়ার ট্র্যাকে যাওয়ার ইচ্ছা থাকে, তবে সে যেন তা করতে পারে, সেই সুযোগও রাখা হবে। উপদেষ্টা আরও জানান, যারা এইচএসসি পাস করেছে বা যাদের ফলাফল আশানুরূপ হয়নি, তাদের কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা কিংবা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করবে সরকার। তিনি উল্লেখ করেন যে, উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা সবার জন্য এক নয় এবং সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমনটি নয়। প্রধানমন্ত্রীর দর্শন অনুযায়ী, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি শিক্ষার্থীর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বিকাশে তাদের পছন্দের বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেওয়া। কৃতকার্য শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা যেন নিজেদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা পছন্দের বিষয়ে পড়াশোনার সুযোগ পায়, সরকার সেটিই চায়। SHARES শিক্ষা বিষয়: এইচএসসিএইচএসসি ফলপুনঃপরীক্ষামাহদী আমিনশিক্ষা মন্ত্রণালয়