যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৯২ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয়ই কমেছে। আগের বছর এই বোর্ডে পাসের হার ছিল ৫০.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর শনিবার বেলা ১১টায় শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের সচিব ড. আব্দুল মতিন। তিনি জানান, এ বছর যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন।

ফলাফলের এই নিম্নমুখী প্রবণতার কারণ হিসেবে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা পদ্ধতি এবং খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে। মেধার সঠিক মূল্যায়নের কারণে এবারের ফলাফল এমন হয়েছে এবং এতে কর্তৃপক্ষ সন্তুষ্ট বলে জানানো হয়। তবে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞানের মতো বিষয়গুলোতে পাসের হার কম হওয়া সামগ্রিক ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া এবারের ফলাফলে বোর্ডের ১৬টি কলেজের সব শিক্ষার্থী ফেল করেছেন বলেও তথ্য প্রকাশ করা হয়।