কিরকুক-বানিয়াস তেল পাইপলাইন পুনর্নির্মাণে ইরাক-সিরিয়ার সহযোগিতা চুক্তি

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

ইরাক ও সিরিয়া তাদের ঐতিহাসিক কিরকুক-বানিয়াস তেল পাইপলাইনটি পুনর্নির্মাণের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পটি মূলত হরমুজ প্রণালির ওপর জ্বালানি নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি বৃহত্তর উদ্যোগের অংশ। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক বিজনেস কাউন্সিলের বৈঠকে গত শুক্রবার এই চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তিতে ইরাকের পক্ষে স্বাক্ষর করেন বাসরা অয়েল কোম্পানির প্রধান বাসেম আবদুল করিম নাসর এবং সিরিয়ার পক্ষে স্বাক্ষর করেন সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির সিইও ইউসুফ কাবলাওয়ি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট উপস্থিত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই উদ্যোগকে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে আখ্যায়িত করেছে এবং এর কারিগরি ও আর্থিক বাস্তবায়নে আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই প্রকল্পের মাধ্যমে বাগদাদ ও দামেস্কের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব ও জ্বালানি সরবরাহের ওপর তেহরানের নিয়ন্ত্রণ হ্রাস করাই ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম, যার মধ্যে রয়েছে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, লস অ্যাঞ্জেলসভিত্তিক টিআই ক্যাপিটাল এবং সিরিয়া-কাশতারের ধনকুবের আল-খাইয়াত ভাইদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী গোষ্ঠী ইতোমধ্যে সিরিয়ায় অর্থনীতি, অবকাঠামো, রিয়েল এস্টেট ও বিমান পরিবহন খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে।

গত সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির যুক্তরাষ্ট্র সফরের সময় ঘোষিত একাধিক প্রকল্পের মধ্যে এটিও ছিল। সফরে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। একজন জ্যেষ্ঠ ইরাকি কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক প্রধানমন্ত্রী আল-জায়েদির সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি এই পাইপলাইন প্রকল্পকে লেভান্ত অঞ্চলে ভবিষ্যৎ ব্যবসায়িক উদ্যোগের একটি মডেল হিসেবে গড়ে তুলতে চান, যা যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলোর জন্য লাভজনক হবে।

উল্লেখ্য, ১৯৫২ সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি কর্তৃক নির্মিত এই পাইপলাইনটি প্রতিদিন প্রায় ৩ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম ছিল। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নেওয়ায় বাগদাদ এটি বন্ধ করে দেয়। পরবর্তীকালে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের সময় পাইপলাইনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যত অচল হয়ে পড়ে। বর্তমানে পাইপলাইনটি পুনরায় চালু করতে নতুন সংরক্ষণ ট্যাংক, পাম্প, বিদ্যুৎব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো নির্মাণসহ ব্যাপক সংস্কার প্রয়োজন। এই অঞ্চলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, বাস্তবে পুরো পাইপলাইনই নতুন করে নির্মাণ করতে হতে পারে, যা সম্পন্ন হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। তিনি আরও জানান, পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানকে নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে, যা এই প্রকল্পে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির ইঙ্গিত বহন করে।