যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কমেছে, যার ফলে এই দরপতন হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সেসময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা চলমান সংঘাতের সময়কার অন্যতম বড় মূল্যবৃদ্ধির ঘটনা ছিল। এর আগে গত মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির কারণে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল। এদিকে, ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রেস টিভির তথ্য অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। SHARES আন্তর্জাতিক বিষয়: অপরিশোধিত তেলআন্তর্জাতিক বাজারইরানতেলের-দামযুক্তরাষ্ট্র