তৃণমূলের দলত্যাগী দুই সংসদ সদস্য ফিরতে পারেন মমতার পাশে

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে। দলের অসংখ্য নবনির্বাচিত বিধায়ক এবং লোকসভার সংসদ সদস্যদের একটি বড় অংশ ইতিমধ্যে দলত্যাগ করেছেন। খবর পাওয়া গেছে যে, দলত্যাগী ২০ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত দুজন পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরতে আগ্রহী। এই দুই সংসদ সদস্য হলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের খলিলুর রহমান এবং মুর্শিদাবাদের আবু তাহের খান।

তৃণমূলের বিদ্রোহী অংশের নেতৃত্ব দিচ্ছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৭০ জনই যোগ দিয়েছেন। এই বিদ্রোহের প্রভাব লোকসভাতেও পড়েছে, যেখানে তৃণমূলের ২৮ জন সংসদ সদস্যের মধ্যে কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে অন্তত ২০ জন দলত্যাগ করেন। দলত্যাগীরা অনামী দল এনসিপিআইতে যোগ দিলেও সেখানে বিজেপির স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে। তৃণমূলের মাত্র আটজন সংসদ সদস্য এখনো মমতার সঙ্গে রয়েছেন।

রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, খলিলুর রহমান ও আবু তাহের খান তৃণমূলের মূল অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এমনকি গত মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকেও তাদের উপস্থিতি ছিল না। উল্লেখ্য, দলত্যাগীরা এনসিপিআইয়ের নামে লোকসভায় বসার আবেদন করলেও স্পিকার এখনো তাতে সম্মতি দেননি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা, যার আগেই এই দুই সংসদ সদস্যের ঘরে ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।