প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ ক্ষমতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। ১ আগস্ট শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট পদে প্রার্থী নির্বাচন এবং নির্বাচনের সময়সূচিসহ এ সংক্রান্ত সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই হবে। যদি একাধিক প্রার্থী থাকে, তবে নিয়মানুযায়ী সংসদে বিশেষ অধিবেশন ডাকার বিষয়টিও আলোচনায় এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির ৭ জন সদস্য মানবজমিনকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে, ৯০ দিনের আগেই প্রেসিডেন্ট পদে নির্বাচন আয়োজন করা হবে। এক্ষেত্রে আগস্ট মাসেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে, পদত্যাগ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়।

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।