কর্ণফুলীতে মমতার উদ্যোগে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়াতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিশেষ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। সরকারি অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে মোট ৬ হাজার ৫০০টি বৃক্ষের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, যার মধ্যে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ করেছে মমতা। ‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি সফল করা হয়।

মমতার উদ্যোগে বিতরণ করা চারার তালিকায় রয়েছে ফলজ, বনজ ও ঔষধি শ্রেণির মোট ১৩ প্রজাতির গাছ। এর মধ্যে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা রয়েছে। স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ উৎসাহিত করতে উপজেলা বিভিন্ন এলাকার পাশাপাশি ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এছাড়া মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক, সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজুসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।