মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে বেলা ১২টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এর আগে, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৬ হাজার ৫১৩ ভোট। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত ১লা অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছিল। SHARES রাজনীতি বিষয়: উপনির্বাচনএলিজা জামানজাতীয় সংসদমির্জা ফয়সল আমীনশপথ গ্রহণ