নাম না নিয়ে সহ-অভিনেত্রীকে ‘পকেটমার’ বলে তোপ দাগলেন কঙ্গনা প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬ বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানৌত শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের বিতর্কিত মন্তব্য অব্যাহত রেখেছেন। এবার তিনি নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীর পোশাক, ভাষা ও ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘নাম নেব না, তবে এক জিহাদি মোটা অভিনেত্রী লাফিয়ে লাফিয়ে নিট আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছিল। কিন্তু ঝাড়খন্ডের আন্দোলনের সময় তার মুখ বন্ধ ছিল।’ এই পোস্টের প্রতিক্রিয়ায় কঙ্গনা আরও লেখেন, ‘আমাকে নিয়েও অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমি কাউকে অপমান করতে চাই না, তবে ইদানীং এক অভিনেত্রীকে লক্ষ করছি যিনি এমন পোশাক পরেন এবং এমনভাবে কথা বলেন, যেন তিনি একজন পকেটমার। তিনি হাফপ্যান্ট পরেন এবং উল্টো করে ক্যাপ পরেন। আন্দোলনকারীদের নর্দমাছাপ আচরণকে সমর্থন করতে গিয়ে পকেটমারের মতো ভাষায় কথা বলছেন।’ কঙ্গনা আরও উল্লেখ করেন, মানুষের পোশাক তার ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। তিনি তার সেই ‘প্রিয় সহ-অভিনেত্রীকে’ উদ্দেশ্য করে বলেন, যদি কোনো পুরুষ সঙ্গী তাকে পকেটমারের মতো অনুভব করিয়ে থাকে তবে তিনি দুঃখিত। আগে ওই অভিনেত্রী পরিপাটি পোশাক পরতেন ও মার্জিতভাবে কথা বলতেন বলেও কঙ্গনা মন্তব্য করেন। প্রয়োজনে তিনি সাহায্য করতে প্রস্তুত বলেও জানান। পোস্টের পাশাপাশি একটি ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, অনেক সহ-অভিনেত্রী বিয়ের পর হঠাৎ করেই কট্টর বামপন্থী হয়ে গেছেন। তিনি নিজেকে মধ্যপন্থী হিন্দু হিসেবে দাবি করে প্রশ্ন তোলেন, কেন তাকে ‘সংঘী’ হওয়ার জন্য কটাক্ষ করা হবে। যদিও কঙ্গনা কারও নাম নেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণা করা হচ্ছে, তিনি অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে লক্ষ্য করেই এই মন্তব্য করেছেন। কারণ সোনাক্ষী আন্দোলনের পক্ষে প্রকাশ্যে ভিডিও প্রকাশ করেছিলেন এবং তাঁকে শর্টস ও ক্যাপ পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। এর আগেও কঙ্গনা জেন-জি প্রজন্মের নারীদের ‘গাটার জেনারেশন’ বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এসব মন্তব্যের জেরে বিশাল দাদলানি ও সোনু সুদের মতো তারকারা তাঁর সমালোচনা করেছেন। সমালোচনার মুখে কঙ্গনার পুরোনো সিনেমার সাহসী দৃশ্য ও ফটোশুট ভাইরাল হলে তিনি পাল্টা জবাবে বলেন, সিনেমার চরিত্র ও বাস্তব জীবন এক নয়। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, অন্যের সন্তানদের বিভ্রান্ত করলে ভবিষ্যতে একই ঘটনা নিজের সন্তানদের সঙ্গেও ঘটতে পারে। SHARES বিনোদন বিষয়: কঙ্গনা রানৌতবলিউডবিতর্কশিক্ষার্থী আন্দোলনসোনাক্ষী সিনহা