বৈরাগী ভৈরবের সুরে চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউটের শ্রোতার আসর প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে ‘চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট’ (সিসিএমআই) আয়োজন করে নিয়মিত ‘শ্রোতার আসর’। সকালের রাগসংগীতের আবহে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উদীয়মান খেয়ালশিল্পী স্বরাজ সাহার মনোমুগ্ধকর পরিবেশনা। রাগ বৈরাগী ভৈরবের কোমল নিষাদ আর শুদ্ধ মধ্যমের ললিত সুরের মূর্ছনায় তিনি এক বৈরাগী সকালের আবহ তৈরি করেন, যা শ্রোতাদের মাঝে গভীর মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে শিল্পী স্বরাজ সাহা রাগ বৈরাগী ভৈরব পরিবেশনের পর সকালের আরেকটি রাগ ‘ভাটিয়ারি’ শোনান। এ সময় তাকে তবলায় সঙ্গত করেন তিষাণ ঘোষ, হারমোনিয়ামে ছিলেন পৃথ্বীরাজ সাহা এবং তানপুরায় ছিলেন আরাধ্যা দাশ। শিল্পীর আলাপ ও সুরের বিস্তারে রাগের গাম্ভীর্য ও বৈরাগ্য ভাব সার্থকভাবে ফুটে ওঠে, যা আসরে উপস্থিত সুররসিকদের বিমোহিত করে। দ্বিতীয় পর্বে শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংগীত বিশ্লেষণ ও মুক্ত আলোচনা। এই আসরের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য ছিল শিল্পী ও শ্রোতাদের একই মেঝেতে বসে সরাসরি মত বিনিময়ের সুযোগ। এই পর্বে অংশ নেন সিসিএমআইয়ের গুরু ও নন্দিত মোহন বীণা শিল্পী উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী রাজেশ সাহা, ব্যাংকার ও শিল্পী আ.ন.ম নাসির উদ্দিন এবং শিল্পী মোখলেছুর রহমানসহ সংগীতানুরাগীরা। অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন উচ্চাঙ্গ সংগীতের নান্দনিক উপস্থাপনা নিশ্চিত হয়েছে, তেমনি শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনার মাধ্যমে উপস্থিত গুণীজনদের মতামতের প্রতিফলন ঘটেছে। সিসিএমআইয়ের নিয়মিত এই উদ্যোগ সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করছে বলে অংশগ্রহণকারীরা মত দেন। SHARES বিনোদন বিষয়: চট্টগ্রামরাগসংগীতশ্রোতার আসরসিসিএমআইস্বরাজ সাহা