হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান প্রকাশিত: 11:35 AM, August 6, 2026 হরমুজ প্রণালিতে নতুন একটি অস্থায়ী নৌপথের ভৌগোলিক অবস্থান বা জিওগ্রাফিক্যাল কো-অর্ডিনেট নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছে ইরান। কয়েক সপ্তাহের ধারাবাহিক আলোচনার পর বর্তমানে উভয় দেশ এই সমঝোতার চূড়ান্ত খসড়া প্রণয়নের পর্যায়ে রয়েছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, একটি যৌথ বিবৃতি প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার ঘোষণা দেওয়া হতে পারে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই আলোচনার পুরো প্রক্রিয়াটি কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে কোনো বিদেশি পক্ষের হস্তক্ষেপ ছিল না। তবে সমঝোতার দ্বারপ্রান্তে থাকলেও ইরান সতর্ক করেছে যে, এই উদ্যোগের ফলে হরমুজ প্রণালির পরিস্থিতি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে এমনটি মনে করার সুযোগ নেই। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং তেহরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের কারণেই মূলত ওই অঞ্চলে নৌ চলাচল ব্যাহত হয়েছে। তাই নতুন নৌপথ চালু হলেও মূল সংকট পুরোপুরি দূর হওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের নিয়ন্ত্রণ থাকার দাবিকে ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, কোনো অস্থায়ী নৌপথ ব্যবহারের ক্ষেত্রে জাহাজ চলাচলের জন্য তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি, অনুমোদন বা ফি প্রযোজ্য হওয়া উচিত নয়। এরই মধ্যে, নিজের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, দেশের শত্রুরা ইরানের সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং কৌশলগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে। তার মতে, এর মূল উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতিকে দুর্বল করে দেওয়া। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন নৌপথ নিয়ে সমঝোতার পথ অনেকটাই প্রশস্ত হলেও হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মৌলিক বিরোধ এখনো বিদ্যমান। বিশেষজ্ঞ মহলের মতে, এই সমঝোতা কেবল নৌ চলাচল স্বাভাবিক করার একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হতে পারে, কিন্তু বৃহত্তর ভূরাজনৈতিক বিরোধের সমাধান এখনো অধরাই রয়ে গেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানওমাননৌপথসমঝোতাহরমুজ প্রণালি