তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬ কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তে নতুন গতি আনার লক্ষ্যে তাকে পুনরায় আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। শনিবার (৮ আগস্ট) দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে পুলিশের প্রতি হাফিজুরকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় শনিবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৪ আগস্ট তিনি কারামুক্তি পান। তবে গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তার করেছিল পিবিআই। SHARES অন্যান্য বিষয়: গ্রেপ্তারতনু হত্যা মামলাপিবিআইসোহাগী জাহান তনুহাফিজুর রহমান