এআই ব্রাউজারকে বিভ্রান্ত করে হোয়াটসঅ্যাপে গোপনে বার্তা পাঠানোর ঝুঁকি

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

ওপেনএআইয়ের তৈরি এআই ব্রাউজার ‘অ্যাটলাস’কে বিভ্রান্ত করে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাকাউন্ট থেকে পরিচিতদের কাছে গোপনে বার্তা পাঠানো সম্ভব বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান জেনিটির গবেষকেরা। তাঁরা সতর্ক করেছেন যে, এই কৌশলের মাধ্যমে ভবিষ্যতে এআইনির্ভর ওয়েব ব্রাউজার এজেন্ট ব্যবহার করে ব্যবহারকারীর অজান্তেই তাদের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম বার্তা পাঠানো হতে পারে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সাইবার নিরাপত্তা সম্মেলনে জেনিটির গবেষকেরা এই কৌশলের বিস্তারিত তুলে ধরেন। গবেষকদের ভাষ্যমতে, এই প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপের কোনো নিরাপত্তাত্রুটি বা এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ভাঙা হয়নি। মূলত এআই ব্রাউজার এজেন্টকে প্রতারণামূলক নির্দেশনা দিয়ে বিভ্রান্ত করার মাধ্যমেই পুরো আক্রমণটি পরিচালিত করা হয়েছে।

জেনিটির গবেষণায় ওপেনএআই, গুগল, অ্যানথ্রপিক, মাইক্রোসফট ও পারপ্লেক্সিটির এআই ব্রাউজার এবং ব্রাউজার এক্সটেনশনে ২০টিরও বেশি নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। গবেষকদের মতে, এসব দুর্বলতা ব্যবহার করে এআই এজেন্টকে দিয়ে ব্যবহারকারীর কম্পিউটারে থাকা ফাইল সংগ্রহ, দূর থেকে যন্ত্রে প্রবেশ, পাসওয়ার্ড ম্যানেজারের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা অ্যামাজনে অনুমতি ছাড়া কেনাকাটার মতো কাজ করানো সম্ভব।

প্রচলিত ব্রাউজারের নিরাপত্তা ব্যবস্থা মানুষের আচরণ বিবেচনায় তৈরি করা হলেও এআই এজেন্টের ক্ষেত্রে সেই সুরক্ষা সবসময় কার্যকর থাকে না। এমনকি ওয়েবসাইটের মধ্যে অননুমোদিত তথ্য আদান-প্রদান ঠেকাতে ব্যবহৃত ‘সেম-অরিজিন পলিসি’র মতো মৌলিক নিরাপত্তাব্যবস্থাও অনেক ক্ষেত্রে এআই এজেন্টের ক্ষেত্রে কার্যকারিতা হারাতে পারে। ফলে ওয়েব ব্রাউজারে যুক্ত স্বয়ংক্রিয় এআই এজেন্ট সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।

জেনিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইকেল বার্গুরি প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়ার্ডকে জানিয়েছেন, ব্রাউজারের নিরাপত্তার নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাঁর মতে, এর ফলে প্রায় ২০ বছর আগের মতো ব্রাউজারভিত্তিক হামলার ঝুঁকি আবারও ফিরে আসছে। এআই এজেন্ট যদি পুরো ব্রাউজারের নিয়ন্ত্রণ নিতে পারে, তবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য সংবেদনশীল উপাত্ত বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।