ফোল্ডেবল আইফোন ও নতুন সিইও জন টার্নাসের প্রথম বড় পরীক্ষা আজ প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় বার্ষিক এই আয়োজনে দীর্ঘদিনের আলোচিত প্রথম ফোল্ডেবল আইফোন সামনে আনতে পারে এই প্রযুক্তি জায়ান্ট। গত ১ সেপ্টেম্বর টিম কুকের স্থলাভিষিক্ত হওয়ার পর এটিই টার্নাসের সামনে প্রথম বড় পরীক্ষা। প্রায় ১৫ বছর ধরে সফলভাবে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালনের পর টিম কুক বর্তমানে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ৫১ বছর বয়সী জন টার্নাস ২০০১ সালে অ্যাপলের পণ্য নকশা দলে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের প্রকৌশল কার্যক্রমের নেতৃত্ব দেন। কর্মীদের কাছে পাঠানো নিজের প্রথম বার্তায় আসন্ন এই আয়োজনকে 'অসাধারণ' বা 'phenomenal' হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন টার্নাস। ক্যালিফোর্নিয়া সময় বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হতে যাওয়া অ্যাপলের 'সারপ্রাইজ এন্ড সাইন' অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট, অ্যাপল টিভি এবং ইউটিউব লাইভে সরাসরি সম্প্রচার করা হবে। এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন, যা বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য 'আইফোন আলট্রা' নামে অভিহিত করা হচ্ছে। তবে পণ্যটির নাম বা দামের বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি। ধারণা করা হচ্ছে, ভাঁজ করা অবস্থায় এটি দেখতে অনেকটা পাসপোর্টের মতো হবে এবং মেললে একটি বড় পর্দা পাওয়া যাবে। ২০১৯ সাল থেকে স্যামসাং, গুগল ও হুয়াওয়ে ফোল্ডেবল ফোন বাজারে আনলেও অ্যাপলের এই বাজারে প্রবেশ প্রতিযোগিতা নতুন মাত্রায় নিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, নতুন এই ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য দাম দুই হাজার পাঁচশ ডলারের বেশি হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির পূর্বাভাস অনুযায়ী, অ্যাপলের ফোল্ডেবল ফোনের গড় বিক্রয়মূল্য দুই হাজার ৫৫০ ডলারের বেশি হতে পারে। চলতি বছর বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোন সরবরাহ ১২ দশমিক ৬ শতাংশ বেড়ে দুই কোটি ২৯ লাখে পৌঁছাতে পারে এবং ২০২৭ সালের মধ্যে অ্যাপল এক কোটি ৭০ লাখের বেশি ফোল্ডেবল আইফোন সরবরাহ করে বৈশ্বিক বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করতে পারে বলে আইডিসি পূর্বাভাস দিয়েছে। এবারের আয়োজনে আইফোনের প্রচলিত উন্মোচন কৌশলেও পরিবর্তন আসতে পারে। আজ আইফোনের প্রো ও প্রো ম্যাক্স মডেলের নতুন সংস্করণ দেখানো হলেও তুলনামূলক কম দামের সাধারণ আইফোন এবং আইফোন এয়ারের হালনাগাদ সংস্করণ আগামী বসন্ত পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এর মাধ্যমে মূলত নতুন ফোল্ডেবল ফোনের দিকেই গ্রাহকদের বেশি মনোযোগ টানতে চায় অ্যাপল। বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোর জন্য চিপের ব্যাপক চাহিদার কারণে যখন স্মার্টফোন তৈরির খরচ বেড়েছে, ঠিক তখনই অ্যাপলের এই নতুন পণ্যগুলো বাজারে আসছে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ ১৬ দশমিক ৭ শতাংশ কমে ১০০ কোটির কিছু বেশিতে নামতে পারে, যা স্মার্টফোন বাজারের ইতিহাসে সবচেয়ে বড় বার্ষিক পতন। একই সময়ে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য ২৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫৮১ ডলারে পৌঁছাতে পারে। তবে এই সংকুচিত বাজারেও ফোল্ডেবল ফোনের সরবরাহ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। নতুন হার্ডওয়্যারের পাশাপাশি সিইও টার্নাসের সামনে আরেকটি বড় পরীক্ষা হবে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট 'সিরি'। সিরিকে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে নেওয়ার ঘোষণা আগেই দিয়েছে অ্যাপল, যার পেছনে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও আংশিকভাবে ব্যবহার করা হচ্ছে। গুগলের জেমিনি এবং ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন সিরির কার্যকারিতা অ্যাপলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজনে নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডসও দেখা যেতে পারে বলে বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনে ধারণা করা হচ্ছে। SHARES প্রযুক্তি বিষয়: অ্যাপলআইফোনজন টার্নাসটিম কুকপ্রযুক্তিফোল্ডেবল আইফোন