মহাকাশে নাসার নতুন রোমান টেলিস্কোপ, খুঁজবে অন্ধকার শক্তি প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ মহাজাগতিক রহস্য উদঘাটন এবং সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্যানেটের সন্ধানে মহাকাশে নতুন ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত ৩০ আগস্ট ফ্লোরিডার কেপ কানাভেরালে অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের সাহায্যে টেলিস্কোপটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। প্রায় ৪০০ কোটি ডলার ব্যয়ে তৈরি এই অত্যাধুনিক টেলিস্কোপটি পৃথিবী থেকে প্রায় ১৬ লাখ কিলোমিটার বা ১০ লাখ মাইল দূরে চাঁদের কক্ষপথের বাইরে ‘ল্যাগ্রাঞ্জ পয়েন্ট টু’ নামক স্থানে অবস্থান করবে। নাসের এই নতুন মিশন বিজ্ঞানীদের জন্য এক অজানা জগতের দুয়ার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্পের জ্যেষ্ঠ বিজ্ঞানী জুলি ম্যাকেনারি। তিনি জানান, এই অবজারভেটরি বা পর্যবেক্ষণাগারটি মূলত ন্যাশনাল রিকনেসান্স কার্যালয়ের একটি গুপ্তচর স্যাটেলাইট প্রোগ্রামের জন্য তৈরি করা হয়েছিল। তবে এখন এটি অত্যন্ত দ্রুত মহাকাশ জরিপের কাজে ব্যবহৃত হবে। গতি ও কার্যক্ষমতার দিক থেকে এটি এতটাই শক্তিশালী যে, পুরো মিল্কিওয়ে গ্যালাক্সি জরিপ করতে হাবল স্পেস টেলিস্কোপের যেখানে ১০০ বছর বা এক শতাব্দী সময় লাগত, রোমান স্পেস টেলিস্কোপ তা মাত্র এক মাসেই সম্পন্ন করতে পারবে। রোমান স্পেস টেলিস্কোপের প্রকল্প ব্যবস্থাপক জ্যাকি টাউনসেন্ড জানিয়েছেন, টেলিস্কোপটিকে পুরোপুরি সচল করতে এবং বৈজ্ঞানিক কার্যক্রমের প্রস্তুতি নিতে বিজ্ঞানীরা আগামী ৯০ দিন কাজ করবেন। সব ঠিক থাকলে আগামী শীতকালীন ছুটির আগেই এই টেলিস্কোপ থেকে প্রথম উচ্চ রেজোল্যুশনের ছবি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নাসার তথ্য অনুযায়ী, এই টেলিস্কোপটির মূল লক্ষ্য হলো মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত ত্রিমাত্রিক বা থ্রিডি মানচিত্র তৈরি করা। এক বছরেরও বেশি সময় ধরে পরিচালিত এই জরিপে প্রায় ২০০ কোটিরও বেশি গ্যালাক্সির তথ্য সংগ্রহ করা হবে। মহাবিশ্বের প্রায় ২৭ শতাংশ ডার্ক ম্যাটার বা অন্ধকার বস্তু এবং ৬৮ শতাংশ ডার্ক এনার্জি বা অন্ধকার শক্তি রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। রোমান টেলিস্কোপ মূলত ডার্ক ম্যাটারের আকর্ষণ এবং ডার্ক এনার্জির বিকর্ষণ পরিমাপ করবে, যা মহাবিশ্বের অনেক অমীমাংসিত রহস্যের জট খুলতে সাহায্য করবে। একই সঙ্গে এটি মহাকাশে হাজার হাজার নতুন গ্রহের সন্ধান দেবে। SHARES প্রযুক্তি বিষয়: ডার্ক এনার্জিনাসামহাকাশ গবেষণামহাবিশ্বরোমান স্পেস টেলিস্কোপস্পেসএক্স