সমালোচনার মুখে গুগল আর্থের নতুন এআই ফিচার স্থগিত

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

বিশ্বজুড়ে উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গুগল আর্থের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছবি তৈরির ফিচারটি বন্ধ করে দিয়েছে গুগল। স্যাটেলাইট ছবিতে ভুয়া ও বিভ্রান্তিকর দৃশ্য তৈরির ঝুঁকি এবং এর অপব্যবহারের আশঙ্কায় ব্যাপক সমালোচনার মুখে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বাস্তব স্যাটেলাইট ছবিতে কৃত্রিমভাবে বিভিন্ন ঘটনা যুক্ত করতে পারছিলেন, যা ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর বড় ঝুঁকি তৈরি করেছিল। ৩১ জুলাই এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ভূ-স্থানিক (জিওস্পেশাল) পেশাজীবীরা নতুন ফিচারটি ইতিবাচক কাজে ব্যবহার করলেও, এমন কিছু স্ক্রিনশট সামনে এসেছে যা তাদের নীতিমালা লঙ্ঘন করেছে। গুগল স্পষ্ট করেছে যে, আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তারা গুগল আর্থ থেকে ফিচারটি সরিয়ে নিচ্ছে।

গত ৩০ জুলাই গুগল এই ফিচারটি চালুর ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি ছিল, নতুন এই এআই টুল শিক্ষার্থীদের ইতিহাসভিত্তিক দৃশ্য কল্পনা, রিয়েল এস্টেট বিপণন এবং বিভিন্ন সৃজনশীল কাজে সহায়তা করবে। গুগল আর্থের পণ্য ব্যবস্থাপক ব্রায়ান হোরোভিটজ জানিয়েছিলেন, ব্যবহারকারীরা স্যাটেলাইট, আকাশ থেকে তোলা এবং থ্রিডি ছবির ওপর 'ন্যানো বানানা' এআই মডেল ব্যবহার করে নিজের পছন্দমতো ছবি তৈরি করতে পারবেন। গুগল আর্থে জুম করে 'ক্রিয়েট ইমেজ' অপশনে গিয়ে নিজের কাঙ্ক্ষিত দৃশ্য লিখে দিলেই তা তৈরি হয়ে যেত।

তবে ফিচারটি চালুর পরপরই তথ্য যাচাইকারী এবং ওপেন-সোর্স গোয়েন্দা বিশ্লেষণ (ওএসআইএনটি) নিয়ে কাজ করা সাংবাদিক ও গবেষকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও ভিজ্যুয়াল ফরেনসিক বিশেষজ্ঞ ইভান হিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই প্রযুক্তির অপব্যবহারের সুযোগকে 'সীমাহীন' বলে অভিহিত করেন। এছাড়া ওপেন-সোর্স গবেষক হেনক ভ্যান এস কোনো কার্যকর ফিল্টার ছাড়াই মেক্সিকো সীমান্তে শরণার্থী, ইরানের পারমাণবিক স্থাপনা, আমস্টারডামে বিমান দুর্ঘটনা এবং গাজার হাসপাতালে বোমা হামলার গর্ত তৈরির মতো ভুয়া দৃশ্য তৈরি করতে সক্ষম হওয়ার দাবি করেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই টুলের ঝুঁকি তুলে ধরতে বেশ কিছু কৃত্রিম ছবি প্রকাশ করেছে। এর মধ্যে ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ইরানে অগ্নিকাণ্ড ও ওয়াশিংটন ডিসিতে বন্যার ছবি এবং বিবিসি আইফেল টাওয়ার ও গিজার পিরামিড ধসে পড়ার কাল্পনিক ছবি প্রকাশ করে। সমালোচনার জবাবে গুগল জানিয়েছে, এসব এআই-নির্মিত ছবি গুগল আর্থের মূল মানচিত্রে অন্য ব্যবহারকারীদের জন্য প্রদর্শিত হচ্ছিল না এবং প্রতিটি ছবিতে এআই-নির্মিত হওয়ার জলছাপ যুক্ত ছিল। উল্লেখ্য, ২০০৫ সালে চালু হওয়া গুগল আর্থ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে স্যাটেলাইট ছবি, ত্রিমাত্রিক ভূখণ্ড এবং স্ট্রিট ভিউয়ের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়।