বিকাশ মার্চেন্টদের জন্য জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণের সুবিধা প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ ব্যবসায়িক প্রয়োজনে জরুরি অর্থের জন্য এখন আর ব্যাংক বা আত্মীয়স্বজনের দ্বারে দ্বারে ঘোরার প্রয়োজন নেই। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সংকট নিরসনে ব্র্যাক ব্যাংক ও বিকাশ যৌথভাবে একটি জামানতবিহীন ডিজিটাল লোন সেবা চালু করেছে। এই নতুন ব্যবস্থার আওতায় বিকাশ অ্যাপ ব্যবহারকারী যোগ্য মার্চেন্টরা কোনো ধরনের কাগজপত্র জমা দেওয়া ছাড়াই তাৎক্ষণিকভাবে ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন। জাতীয় অর্থনৈতিক শুমারি ২০২৪–এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় সোয়া এক কোটি অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৬৫ শতাংশেরই কোনো ধরনের নিবন্ধন নেই। নিবন্ধন না থাকায় এই ব্যবসায়ীরা সাধারণত অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে বাধ্য হন। এছাড়া নিবন্ধিত ব্যবসায়ীদের ক্ষেত্রেও কাগজপত্রের জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে ব্যাংক ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে। বিকাশ জানিয়েছে, ছোট ব্যবসায়ীদের এই অর্থায়ন সমস্যার ডিজিটাল সমাধান হিসেবেই এই মার্চেন্ট ঋণ সেবাটি নিয়ে আসা হয়েছে। এই লোন পাওয়ার জন্য কোনো দৃশ্যমান সম্পত্তি বা জামানতের প্রয়োজন নেই। ব্যাংকিং জটিলতা এড়াতে মার্চেন্ট অ্যাকাউন্টের লেনদেনের ইতিহাস বা ডিজিটাল ফুটপ্রিন্টকেই ঋণ পাওয়ার যোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্চেন্টরা তাদের বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকেই কয়েক ক্লিকে ঋণের আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টে নিয়মিত পেমেন্ট গ্রহণের ডিজিটাল ফুটপ্রিন্ট যত বেশি হবে, ঋণ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। এই ঋণের অর্থ পণ্য কেনা, ব্যবসা সম্প্রসারণ বা মৌসুমি চাহিদা মেটানোর মতো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করা যাবে। উদ্যোক্তারা এই নতুন ব্যবস্থায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন। সাতক্ষীরার সম্রাট শু-র স্বত্বাধিকারী মো. শিহার রায়হান অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকা ঋণ পেয়েছেন। তিনি জানান, আগে জরুরি প্রয়োজনে আত্মীয়দের কাছে ধার চাওয়া অস্বস্তিকর ছিল, তবে এই ব্যবস্থা ব্যবসাকে সহজ করেছে। কারুপণ্যের উদ্যোক্তা রোকেয়া আকতারের মতে, বিকাশে নিয়মিত লেনদেনের তথ্যের কারণেই তার জন্য ঋণ পাওয়া সহজ হয়েছে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ জানান, বর্তমানে বিকাশের প্রায় ৮ লাখ মার্চেন্টের নেটওয়ার্ক রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল লেনদেনের তথ্য বিশ্লেষণ করেই ঋণ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, স্থাবর সম্পদের চেয়ে লেনদেনের ধরনই এখন ঋণ পাওয়ার প্রধান সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। SHARES অর্থনীতি বিষয়: ক্ষুদ্র উদ্যোক্তাডিজিটাল ঋণবিকাশব্র্যাক ব্যাংকমার্চেন্ট লোন