এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য ফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) সুযোগ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

এবার প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। আবেদন জমা দেওয়ার পরও শিক্ষার্থী চাইলে অতিরিক্ত বিষয়ের জন্য নতুন করে আবেদন করতে পারবেন এবং এজন্য নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন নেই। তবে ফি পরিশোধের আগে ভুল থাকলে 'মুছে ফেলুন' বাটনে ক্লিক করে বিষয় পরিবর্তন বা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। একবার ফি পরিশোধ হয়ে গেলে কোনোভাবেই বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না এবং পরিশোধিত ফি ফেরতযোগ্য নয়।

আবেদনের জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে 'সাবমিট' বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে, যেখানে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে। এরপর বিষয়ভিত্তিক ফলাফল দেখে যে বিষয়গুলোর খাতা চ্যালেঞ্জ করতে চান, সেগুলো টিক চিহ্ন দিয়ে নির্বাচন করতে হবে। 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করে মোট ফির পরিমাণ দেখে বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে তা পরিশোধ করতে হবে। ফি পরিশোধের বিস্তারিত নিয়ম আবেদন পোর্টালের 'হেল্প' অপশনে পাওয়া যাবে। ফি পরিশোধ সফল হওয়ার পর পুনরায় পোর্টালে প্রবেশ করে 'জমা দিন' বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।