জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আজম খান প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অধ্যাপক আজম খানকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খান প্রক্টরের দায়িত্ব পালন করবেন। এই আদেশ আগামী ১২ আগস্ট থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতাসহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আজম খান জানান, বর্তমান প্রক্টরের অসুস্থতার কারণে তাকে এই দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, 'আমাকে এক প্রকার জোড় করেই এই পদে দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে বেশি দিন থাকব না। এখানে অনেক দায়িত্ব, যা আমার পক্ষে সম্ভব হবে না।' SHARES শিক্ষা বিষয়: আজম খানজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবিনিয়োগপ্রক্টর