বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিয়ে রাষ্ট্রপতির কাছে বিরোধীদলীয় নেতার চিঠি

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

দেশের চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং সার্বিক আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার এ বিষয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও প্রেরণ করা হয়েছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ–সংকট চলছে এবং লাগামহীন লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়া এর বিরূপ প্রভাবে শিল্পোৎপাদন ও ব্যবসা-বাণিজ্যসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানিসংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়টিও চিঠিতে তুলে ধরেন তিনি। শফিকুর রহমান জানান, এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটময় মুহূর্তে নীরব থাকা সম্ভব নয় উল্লেখ করে চিঠিতে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।