রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে এই মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমেদের মনোনয়নপত্রটি যাচাই করে সঠিক পাওয়া গেছে এবং তিনি এখন এই নির্বাচনের একজন বৈধ প্রার্থী। তিনি আরও বলেন, যেহেতু একটি মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাই দ্বিতীয় কোনো মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। এছাড়া অলি আহমেদের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য অংশ নেবে জানিয়ে আব্দুল বাতেন বলেন, অলি আহমেদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর এমন একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত আরও স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেন বলে তিনি মন্তব্য করেন। আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এদিকে, আজ দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে। SHARES রাজনীতি বিষয়: অলি আহমেদনির্বাচন কমিশনবাংলাদেশরাজনীতিরাষ্ট্রপতি নির্বাচন