তারেক রহমানের ভারত সফর ও জ্বালানি সরবরাহ নিয়ে অবস্থান স্পষ্ট করল দিল্লি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে চলমান জ্বালানিসংকট মোকাবিলায় জ্বালানি সহায়তার অনুরোধটিকেও ইতিবাচকভাবে বিবেচনা করছে নয়াদিল্লি।

শুক্রবার (১৪ আগস্ট) ভারতের নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়ে ভারতের মনোভাব তুলে ধরে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের জন্য ভারতের একটি দ্বিপক্ষীয় চুক্তি চলমান রয়েছে, যা এখনো অব্যাহত আছে।

তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে।