যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জুমার নামাজের পূর্বমুহূর্তে ফাহিমা, লামিয়া ও সুলতানা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে তলিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, দুপুরের দিকে হাসপাতালে আনার পর তাদের হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পারিবারিক মালিকানাধীন হলেও এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল, যেখানে সাধারণত কেউ গোসল করতে যায় না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।