নাটোরে বাস-নছিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ীর মৃত্যু প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬ নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। পুলিশের ভাষ্যমতে, আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলেন—বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন। SHARES দুর্ঘটনা বিষয়: গরু ব্যবসায়ীনাটোরনিহতবনপাড়া-হাটিকুমরুল মহাসড়কসড়ক দুর্ঘটনা