ডেমরায় সিটিটিসির অভিযানে বোমা সদৃশ বস্তুসহ আটক ২ প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং এটিইউ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সিটিটিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তের সূত্র ধরে আসামিদের ধরতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় মো. জুয়েল ভুঞা (২৬) নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কালো কস্টিপ দিয়ে মোড়ানো প্রায় ৬ ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। জুয়েল ভুঞা নরসিংদী জেলার শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে। একই অভিযানে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী (২৪) নামের আরও একজনকে আটক করা হয়েছে। তিনি নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ আটক দুই যুবককে পরবর্তীতে ডেমরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধডেমরাপুলিশবোমা উদ্ধারসিটিটিসি