কিশোরগঞ্জে দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (১৬ আগস্ট) সড়ক পথে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। তার এই দিনব্যাপী সফরের তালিকায় রয়েছে জেলা সদরসহ তিনটি উপজেলা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিকেলে আড়াইটায় জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও তার অংশগ্রহণ করার কথা রয়েছে। বিকেলে জেলা সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর ৪টায় শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানের কার্যক্রমও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জ জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সফর সফল করতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সংসদ সদস্যরা জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কগুলো মেরামতের কাজ চলছে। সন্ধ্যা ৬টার দিকে সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।