মণিরামপুরে সনাতনী পল্লীতে অগ্নিকাণ্ডের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ যশোরের মণিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়ি পুড়িয়ে দেওয়ার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি স্পষ্ট করা হয়। সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং এর সঙ্গে জুড়ে দেওয়া তথ্যের সাথে বাস্তবে ঘটা ঘটনার কোনো মিল নেই। পুলিশের ভাষ্যমতে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তিকর ভিডিও প্রচার করছে। তাদের লক্ষ্য হলো যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। যশোরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের কথা উল্লেখ করে পুলিশ সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বা ভিডিও প্রচার করা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া জেলার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী এসব ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অগ্নিকাণ্ডগুজবপুলিশমণিরামপুরযশোর