দেশে ফিরে বিচার এড়ানোর সুযোগ নেই শেখ হাসিনার প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারিক প্রক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা ‘জানতেন না’—এমন দাবি করে বিলম্ব মওকুফের কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রসিকিউটর বলেন, পলাতক আসামিরা প্রায়ই ফিরে এসে দাবি করেন যে তারা মামলার কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না এবং সেই অজুহাতে বিলম্ব মওকুফ বা ‘ডিলে কনডোন’ করার আবেদন জানান। তবে দণ্ডিত শেখ হাসিনাসহ এই মামলার আসামিরা কোনোভাবেই এই সুবিধা পাবেন না বলে তিনি স্পষ্ট করেছেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আরও বলেন, ‘তারা এই মামলা সম্পর্কে জানেন এবং বিভিন্ন স্থানে বসে বক্তব্য দিচ্ছেন, ফিরে আসার কথা বলছেন এবং মিডিয়ার মাধ্যমে নিজেদের পক্ষে সাফাই গাইছেন। সুতরাং ট্রাইব্যুনালে এসে তারা এই সুযোগ নিতে পারবেন না, কারণ আমরা প্রমাণ করতে সক্ষম যে তারা মামলার বিষয়ে অবগত ছিলেন এবং নিয়মিত বক্তব্য রেখেছেন।’ মামলার বিচারিক অগ্রগতির বিষয়ে প্রসিকিউটর জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে অভিযোগ পাওয়ার পর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এরপর থেকে আইন অনুযায়ী যথাযথ নিয়ম মেনেই বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ট্রাইব্যুনাল কোনো তাড়াহুড়ো করছে না, আবার কোনো বিলম্বও করছে না। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিষয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা বা দণ্ডাদেশ থাকলে ভারত আইনগতভাবেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। SHARES জাতীয় বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপ্রসিকিউটরবিচার প্রক্রিয়াশেখ হাসিনা