সেন্ট গ্রেগরি স্কুলে জাদুঘর প্রতিষ্ঠায় টিজিএস ও কর্তৃপক্ষের সমঝোতা প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ "রক্ষা এবং সংরক্ষণ" স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি হাই স্কুলের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখার উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। দেশের কোনো বিদ্যালয়ে প্রথমবারের মতো জাদুঘর তৈরির এই যুগান্তকারী পদক্ষেপটি একদল প্রাক্তন গ্রেগরিয়ানের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফসল। সম্প্রতি স্কুল প্রাঙ্গনে এ বিষয়ে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে টিজিএস। চুক্তিপত্রে স্বাক্ষর করেন টিজিএস-এর সহ-সভাপতি এবং ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী রিজওয়ান খাইর ও সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজ, স্কুলের শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং টিজিএস-এর সদস্যরা। দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই জাদুঘর নির্মাণের কাজে অবদান রেখেছেন। সংশ্লিষ্টদের মতে, শত বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানের সমৃদ্ধ ইতিহাস এবং শিক্ষার্থীদের অর্জনগুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এই জাদুঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কুল প্রাঙ্গনে নির্মিত এই জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর ২০২৬। SHARES শিক্ষা বিষয়: ইতিহাস সংরক্ষণজাদুঘরদি গ্রেগরিয়ান সোসাইটিশিক্ষাসেন্ট গ্রেগরি হাই স্কুল