অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পরিশোধে ২ হাজার ৩৫ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের পাওনা অর্থ একসঙ্গে পরিশোধের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই ধারাবাহিকতায় আগামী শনিবার, ১৫ আগস্ট, দেশের ৬৪টি জেলায় একযোগে শিক্ষকদের নিজস্ব ব্যাংক হিসাবে এই বকেয়া অর্থ পাঠানোর কার্যক্রম শুরু হবে।

শুক্রবার, ১৪ আগস্ট, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে তার প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত পোস্টে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া পরিশোধ বাবদ এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পাওনার জট নিরসনে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষকরা তাদের প্রাপ্য পাওনা বুঝে পাওয়ার সুযোগ পাবেন।