ওয়াশিং মেশিনে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারে হতে পারে বড় ক্ষতি প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬ বর্তমান সময়ে কাপড় পরিষ্কারের ঝামেলা অনেকটাই কমিয়ে দিয়েছে ওয়াশিং মেশিন। কাপড় মেশিনে দেওয়ার পর প্রয়োজনীয় ডিটারজেন্ট যোগ করে সুইচ অন করলেই ধোয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে এই সহজ কাজটি করতে গিয়েই অনেকে একটি সাধারণ ভুল করে থাকেন, আর তা হলো প্রয়োজনের চেয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করা। অনেকের ধারণা, বেশি ডিটারজেন্ট দিলে কাপড় হয়তো আরও বেশি পরিষ্কার হবে, কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ের পাশাপাশি ওয়াশিং মেশিনের বিভিন্ন অংশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে মেশিনের কার্যক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনের তুলনায় বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে মেশিনের ভেতরে অতিরিক্ত ফেনা তৈরি হয়, যা সবসময় ভালোভাবে ধুয়ে বের হতে পারে না। এর ফলে কাপড়ের তন্তুর মধ্যে ডিটারজেন্টের অবশিষ্টাংশ জমে থাকে। এতে কাপড় ধোয়ার পরও শক্ত বা রুক্ষ অনুভূত হতে পারে এবং অনেক সময় কাপড়ে সাদা দাগ কিংবা অস্বাভাবিক গন্ধ দেখা দেয়। মেশিনের ভেতরে ডিটারজেন্টের এই অবশিষ্টাংশ ও আর্দ্রতা দীর্ঘদিন জমে থাকলে তা মেশিনের ড্রাম, পাইপ ও ফিল্টারের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এতে পানি ঠিকমতো বের হতে না পারা কিংবা ধোয়ার সময় যান্ত্রিক সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া মেশিনের দরজার রাবার গ্যাসকেটের আশপাশে ময়লা ও আর্দ্রতা জমে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত পরিষ্কার না করলে এই সমস্যা আরও প্রকট হয়। ডিটারজেন্টের পরিমাণ সবার জন্য এক নয়। কাপড়ের পরিমাণ, মেশিনের ধরন, পানির ব্যবহার এবং কাপড় কতটা ময়লা—এসব বিষয় বিবেচনা করে ডিটারজেন্টের পরিমাণ নির্ধারণ করা উচিত। কাপড় যদি অতিরিক্ত ময়লা হয়, তবে বেশি ডিটারজেন্ট দেওয়ার পরিবর্তে আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা ভালো। এতে ময়লা আলগা হয়ে যায় এবং পরবর্তীতে তুলনামূলক কম ডিটারজেন্টেই কাপড় ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হয়। তাই বেশি ডিটারজেন্ট মানেই বেশি পরিষ্কার—এই ধারণা বাদ দিয়ে নিয়ম মেনে ডিটারজেন্ট ব্যবহার করাই মেশিন ও কাপড় ভালো রাখার সেরা উপায়। SHARES লাইফস্টাইল বিষয়: ওয়াশিং মেশিনকাপড় ধোয়াগৃহস্থালি টিপসডিটারজেন্টলাইফস্টাইল