পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা, ভাইরাল জাফর ইকবাল-ববিতার সিনেমার গান

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এই দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমা ‘অবুঝ হৃদয়’-এর একটি গান নতুন করে ভাইরাল হয়েছে।

সিনেমাটির ‘তুমি আমার জীবন’ শিরোনামের গানটিতে প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও অভিনেত্রী ববিতা ঠোঁট মিলিয়েছিলেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির কথা লিখেছেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। ইউটিউবে গানটি ১৮ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।

বর্তমানে পে-স্কেল নিয়ে চলমান পরিস্থিতির সঙ্গে গানটির ‘কেউ জানে না’ কথাটি মিলে যাওয়ায় নেটিজেনরা মজার ছলে গানটির ১৪ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করছেন। এই ছোট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রুবেল মাহমুদ তার প্রতিক্রিয়ায় লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে তা কেউ জানে না। প্রতিদিন নতুন খবর এলেও চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফারুক সাকিব নামে আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে গানের কথাগুলো হুবহু মিলে গেছে, কারণ আমরা কেউই কিছু জানি না কিন্তু নিয়মিত এই খবরগুলো প্রকাশ পাচ্ছে।