টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে অভিনেত্রী আনা দে আরমাস

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

হলিউড অভিনেত্রী আনা দে আরমাস আবারও চর্চায় এসেছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি প্যারিস ভ্রমণের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। এসব ছবির মধ্য দিয়ে ভেনেজুয়েলার জনপ্রিয় সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর মধ্যে আনার সাদামাটা সেলফি, চশমা ও সাদা শার্ট পরে আয়নার সামনে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন ধরনের খাবারের ছবি রয়েছে। তবে নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে পোস্টের শেষ ছবিটি। একটি জমকালো নৈশভোজের টেবিলে দুটি নাম লেখা কার্ড পাশাপাশি রাখা দেখা যায়, যার একটিতে লেখা 'আনা' এবং অন্যটিতে 'বেতো'। সরাসরি কিছু না বললেও এই ছবির মাধ্যমে বেতোর সঙ্গে নিজের সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।

আনা ও বেতোর প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। চলতি বছরের জুলাইয়ে প্যারিস ফ্যাশন উইকে তাঁদের প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর গত আগস্টে স্পেনের মনোরম ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় দুজনকে হাতে হাত রেখে হাঁটতে ও চুম্বন করতে দেখা যায়। সে সময় সূর্যাস্তের আলোয় নৌকায় তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ পেয়েছিল। অতি সম্প্রতি, গত ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর জমকালো ফ্যাশন শোতে যৌথভাবে উপস্থিত হন তারা এবং পরে একটি বর্ণাঢ্য পার্টিতেও অংশ নেন।

আনা দে আরমাসের নতুন সঙ্গী বেতো মন্টেনেগ্রো লাতিন সংগীতজগতে বেশ পরিচিত মুখ। তিনি ২০০৭ সালে গঠিত জনপ্রিয় ব্যান্ড 'রাওয়ায়ানা'র প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক। ব্যান্ডটি বর্তমানে আন্তর্জাতিক সফরে ব্যস্ত সময় পার করছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে।

হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছর পর বেতোর সঙ্গে আনার নতুন এই সম্পর্কের খবর প্রকাশ্যে এল। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে টম ক্রুজ ও আনা দে আরমাসের বিচ্ছেদের খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।