৩৮ বছরে পা রাখলেন রোজ ম্যাকাইভার, ক্যারিয়ারের নানা বাঁক প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ নিউজিল্যান্ডে জন্ম নেওয়া হলিউড অভিনেত্রী রোজ ম্যাকাইভার ৩৮ বছরে পা দিলেন। গত ১০ অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে নিউজিল্যান্ডের অকল্যান্ডে তাঁর জন্ম। শিল্পী মা অ্যানি কনি ও আলোকচিত্রী বাবা ম্যাক ম্যাকাইভারের ঘরে বেড়ে ওঠা রোজ ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন; শিখেছেন ব্যালে ও জ্যাজ নাচ। মাত্র দুই বছর বয়সে বিজ্ঞাপনে কাজ শুরু করা রোজ তিন বছর বয়সেই সিনেমায় অভিনয় করেন। ১৯৯৩ সালে জেন ক্যাম্পিয়নের ‘দ্য পিয়ানো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। পরবর্তী সময়ে জন্মভূমি ছেড়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। তবে হলিউডের কঠিন প্রতিযোগিতায় নিজের জায়গা করে নেওয়া সহজ ছিল না। অডিশনে বারবার প্রত্যাখ্যাত হওয়া, পছন্দের চরিত্র না পাওয়া কিংবা নির্মাতাদের কাছে যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠতে না পারার মতো কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শুরুর দিকে এক অডিশনে সাধারণ পোশাকে যাওয়ার পর তাঁকে বলা হয়েছিল আরও ‘হলিউডসুলভ’ হতে হবে, যে মন্তব্যটি তাঁকে বেশ আঘাত করেছিল। রোজের ক্যারিয়ারে মোড় আসে ২০০৯ সালে পিটার জ্যাকসনের ‘দ্য লাভলি বোনস’ সিনেমায় অভিনয়ের পর, যেখানে তিনি সাওয়ার্সে রোনানের সহশিল্পী হিসেবে লিন্ডসে চরিত্রে অভিনয় করেন। তবে আন্তর্জাতিকভাবে তাঁর পরিচিতি আসে ‘আইজম্বি’ সিরিজের মাধ্যমে। সিরিজটিতে জম্বিতে পরিণত হওয়ার পর মানুষের মস্তিষ্ক খেয়ে মৃত ব্যক্তিদের স্মৃতি ও বৈশিষ্ট্য অনুভব করার মতো বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে হয়েছে তাঁকে। ২০১৫ সালে ইয়াহু এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‘আইজম্বি’ সিরিজের একটি চুমুর দৃশ্যের মজার ঘটনার কথা জানান। জম্বি চরিত্রের জন্য তাঁর মুখে লাগানো সাদা মেকআপ চুমুর সময় সহশিল্পী রবার্টের মুখে লেগে যাচ্ছিল, যা নিয়ে দুজনই হাসছিলেন। রোজের মতে, সহশিল্পীর সঙ্গে বোঝাপড়ার সম্পর্ক থাকায় শুটিংয়ের সেই মুহূর্তটি বেশ আনন্দময় ছিল। আয়ের দিক থেকেও রোজ এখন বেশ সুপ্রতিষ্ঠিত। ২০২৩ সালের ডিসেম্বরে ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘ঘোস্টস’ সিরিজের সাফল্যের পর তিনি প্রতি পর্বে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক পান, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি। SHARES বিনোদন বিষয়: অভিনেত্রীআইজম্বিজন্মদিনরোজ ম্যাকাইভারহলিউড