শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর নতুন ঝলক প্রকাশ্যে প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ হাতে বন্দুক, ঠোঁটের কোণে গোলাপ, আর চোখেমুখে জ্বলন্ত অভিব্যক্তি— এমন এক বিপজ্জনক অথচ রোমান্টিক আবহে শাহরুখ খানকে দেখা গেল তার আসন্ন ছবি 'কিং'-এর নতুন ঝলকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ নিজেই এই ঝলক শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, “আজ আবার মনে পড়ল… খুনি নই, আমি একজন প্রেমিক।” শাহরুখের এই মন্তব্য তার চরিত্রের দ্বৈত সত্তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা, যেখানে হিংস্র অ্যাকশন এবং প্রেমের কোমলতা সমানভাবে ফুটে উঠেছে। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'কিং' ছবিটির। বড়দিনের এই মৌসুমে বক্সঅফিসে ছবিটি বেশ কিছু বড় বাজেটের চলচ্চিত্রের মুখোমুখি হতে পারে, যার মধ্যে রয়েছে হলিউডের 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে', 'ডুন: পার্ট থ্রি' এবং নাগার্জুনের শততম ছবি 'কিং ১০০'। বছর শেষের এই সময়ে সিনেপ্রেমীদের জন্য একটি জমজমাট প্রতিযোগিতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ছবিটিতে শাহরুখের সাথে পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এছাড়াও অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জী, অভিষেক বচ্চন, অনিল কাপুর এবং আরশাদ ওয়ারসী। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' এবং 'মারফ্লিক্স পিকচার্স'। শাহরুখ বরাবরই নায়ক ও খলনায়কের মধ্যে স্পষ্ট বিভাজন টানার ব্যাপারে অনাগ্রহী। তার ক্যারিয়ারের শুরু দিকের 'ডর', কিংবা পরবর্তী সময়ের 'ডন' ও 'বাজিগর'-এর মতো ছবিগুলোতেও তিনি নেতিবাচক ছায়া থাকা চরিত্রে অভিনয় করেছেন। 'কিং' ছবিতেও সেই ধূসর চরিত্রের আভাস মিলতে পারে। তবে চরিত্রের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ছবিটির পরবর্তী ঝলক এবং মুক্তির জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের। SHARES বিনোদন বিষয়: কিংবলিউডশাহরুখ খানসিদ্ধার্থ আনন্দসুহানা খান