২ অক্টোবর মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ বিজয় সালগাঁওকর ও তার পরিবারের রহস্যময় গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা অজয় দেবগন। বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে এর প্রথম পোস্টার প্রকাশ করেন অজয় দেবগন। পোস্টারে একটি বিশেষ বার্তা লেখা রয়েছে—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’। অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমায় আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। তার সঙ্গে থাকছেন টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর। এবারের কিস্তিতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে এটি পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। উল্লেখ্য যে, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বক্স অফিসে আরও বড় সাফল্য অর্জন করে এবং প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে। মালয়ালাম ভাষার মূল ফ্র্যাঞ্চাইজি থেকে অনুপ্রাণিত এই হিন্দি সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যদিও হিন্দি সংস্করণের এই কিস্তির মাধ্যমে গল্পটির সমাপ্তি টানার কথা রয়েছে, তবে মূল মালয়ালাম ফ্র্যাঞ্চাইজি এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করেছে। এছাড়া প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর ও অভিনেতা মোহনলাল জানিয়েছেন, মালয়ালাম ভাষায় ‘দৃশ্যম’-এর চতুর্থ কিস্তির কাজও শুরু হতে যাচ্ছে। SHARES বিনোদন বিষয়: অজয় দেবগনঅভিষেক পাঠকদৃশ্যম ৩বলিউডসিনেমা