৪১ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের সেই ঐতিহাসিক ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে শনিবার বলটি প্রায় ৩৪ লাখ মার্কিন ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১.৭ কোটি টাকায় বিক্রি হয়। যদিও নিলামের আগে এটি ১ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে প্রত্যাশা ছিল। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা হাত দিয়ে সেই বিতর্কিত গোলটি করেছিলেন। পরবর্তীতে গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করা ওই গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, এটি ছিল ‘খানিকটা ম্যারাডোনার মাথা আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে করা।’ একই ম্যাচে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড় ও গোলরক্ষককে কাটিয়ে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলটিও করেছিলেন, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃত। নিলামের আগে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে রয়টার্সকে বলেছিলেন, এটি ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত থাকা সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্মারক। ১৯৮৬ সালের ওই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। ম্যাচ শেষে তিনি ‘অ্যাডিডাস আজতেকা’ মডেলের বলটি নিজের সংগ্রহে নেন এবং তিন দশকেরও বেশি সময় তা সংরক্ষণ করেন। ২০২৩ সালে এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি নিশ্চিত করেন যে, ওই ম্যাচে কেবল এই একটি বলই ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে স্বাধীন মূল্যায়নেও সত্য প্রমাণিত হয়। এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। ২০২৩ সালে নতুন ক্রেতা বলটি পুনরায় নিলামে তুললেও ন্যূনতম নির্ধারিত দাম না ওঠায় তা অবিক্রিত থেকে যায়। তবে এবার ৩৩ লাখ ডলারেই ঐতিহাসিক বলটি নতুন মালিক খুঁজে পেয়েছে। উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার গায়ে থাকা ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালে ৯৬ লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছিল। SHARES খেলাধুলা বিষয়: আর্জেন্টিনানিলামফুটবলম্যারাডোনাহ্যান্ড অব গড