২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত, ১৪ মার্চ থেকে শুরু

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে এবং ১৫ এপ্রিল তা শেষ হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। এর আগে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের কথা থাকলেও, নতুন সিদ্ধান্তে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির প্রভাবে প্রচলিত এই সূচি বেশ কয়েকবার ব্যাহত হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কমাতে পরীক্ষা আয়োজনের সময়সূচি নিয়ে নতুন করে ভাবছে মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।