ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওপেন-বুক পদ্ধতিতে পরীক্ষা, মোবাইল ব্যবহারে অনুমতি প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষকের নেওয়া ব্যতিক্রমী পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ইনকোর্স পরীক্ষায় 'ওপেন-বুক, ওপেন-ম্যাটেরিয়ালস' পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গত ২৪ আগস্ট বিভাগের প্রভাষক মো. সাদিউর রহমান 'জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট' কোর্সের এই পরীক্ষায় শিক্ষার্থীদের বই ও মোবাইল ফোন দেখে লেখার সুযোগ দেন। পরীক্ষার নতুন এই নিয়মে শিক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট সংশ্লিষ্ট বই বা মোবাইল ফোনের সহায়তা নেওয়ার সুযোগ পেয়েছে। পরবর্তী ৩৫ মিনিটে তাদের অর্জিত জ্ঞান ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, মুখস্থবিদ্যার বাইরে গিয়ে নতুন কিছু শেখার আগ্রহ থেকেই তারা এই পদ্ধতিকে স্বাগত জানাচ্ছেন। তাদের মতে, প্রশ্নগুলো এতটাই সৃজনশীল ও জটিল ছিল যে চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তি ব্যবহার করেও সরাসরি উত্তর পাওয়া সম্ভব ছিল না। প্রভাষক মো. সাদিউর রহমান ফেসবুকের মাধ্যমে এই পদ্ধতির ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, শিক্ষার্থীদের চিন্তাশক্তি বৃদ্ধি, ধারণার মধ্যে সংযোগ স্থাপন এবং বাস্তব প্রেক্ষাপটে অর্জিত জ্ঞানের প্রয়োগ যাচাই করাই ছিল এই পরীক্ষার মূল লক্ষ্য। তিনি জানান, শিক্ষার্থীরা প্রথম ১৫ মিনিটে এআই-সহ যেকোনো ইলেকট্রনিক ও মুদ্রিত শিক্ষাসামগ্রী ব্যবহার করতে পেরেছে। এছাড়া প্রশ্নপত্রের পেছনের অংশকে তারা 'রাফ খাতা' হিসেবে ব্যবহার করে নিজেদের যুক্তি ও ধারণা গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাষক মো. সাদিউর রহমান ব্যাখ্যা দিয়ে বলেন, প্রথমবারের মতো আমার নির্ধারিত কোর্স ‘DS 3105: Gender and Development’-এর ইনকোর্স পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে—ওপেন-বুক ও ওপেন-ম্যাটেরিয়ালস পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠ্যসূচি পড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন প্রভাষক সাদিউর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী করে গড়ে তোলাই একজন শিক্ষকের লক্ষ্য হওয়া উচিত। তিনি স্বীকার করেন যে, এই পদ্ধতি শিক্ষার্থীদের কাছে শুরুতে কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে, তবে স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসার মাধ্যমেই প্রকৃত শিক্ষা অর্জিত হয়। এই নতুন প্রক্রিয়াটি কার্যকর করতে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ও মুক্ত চিন্তার ওপর গুরুত্বারোপ করেছেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES শিক্ষা বিষয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ওপেন-বুক পরীক্ষাডেভেলপমেন্ট স্টাডিজপরীক্ষা পদ্ধতিমোবাইল পরীক্ষা