গলাচিপায় ১৭টি সংরক্ষিত সন্ধি কচ্ছপসহ পাচারকারী আটক

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় বন্যপ্রাণী পাচারের একটি গোপন চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বন বিভাগ। পৌর এলাকার খেওয়াঘাট সংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭টি সংরক্ষিত সন্ধি কচ্ছপসহ মোঃ রেজাউল মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রেজাউল রাঙ্গাবালী উপজেলার মরা জাহাঙ্গীর গ্রামের বাসিন্দা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট দুপুর আনুমানিক আড়াইটার দিকে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় রেজাউল মৃধা একটি পাটের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বস্তা থেকে ১০ কেজি ওজনের ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রেজাউল স্বীকার করেছেন যে, বিক্রির উদ্দেশ্যে তিনি এই কচ্ছপগুলো পরিবহন করছিলেন। এ ঘটনায় গলাচিপা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ১০/৩৪(খ) ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে সন্ধি কচ্ছপ একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এটি ধরা, কেনাবেচা বা পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বন্যপ্রাণী রক্ষা ও পাচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী বলেন, "বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।"

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত