খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে দেশের সব জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফরোজা খানম রিতা বলেন, খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তার মন্ত্রণালয়ের প্রথম কাজ। তিনি জানান, খাদ্যগুদামগুলোতে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি খাদ্যগুদামে অনিয়ম পাওয়ার বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত মজুদ নিশ্চিত রাখা হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সার সংকটের বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকেও পর্যাপ্ত সার মজুদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোথাও কোথাও বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে, যা রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত করবে না।

দ্বিতীয় পদ্মা সেতু প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম ও সমীক্ষা শুরু হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে। অনুষ্ঠানটিতে ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েল সভাপতিত্ব করেন। এতে সাটুরিয়া উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।