প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, দ্রুত সাক্ষাতের আগ্রহ প্রকাশ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ব্যক্ত করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করে বলেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।