চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির দীর্ঘদিনের সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে একটি নতুন মডেলে কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পতেঙ্গা এলাকার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রমের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, বর্তমানে সরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলের ওপর জোর দিচ্ছে। এই প্রকল্পে নেদারল্যান্ডস দূতাবাস, ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ এবং চট্টগ্রাম ওয়াসা যৌথভাবে কাজ করবে। তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সময় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ইয়ান ভ্যান ডার লিন্ডেন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। নেদারল্যান্ডস দূতাবাস এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। চলতি বছরের মে মাসে পরিচালিত এক সমীক্ষা অনুযায়ী, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের ১ লাখ ৬৪ হাজার ৯৯ জন বাসিন্দার নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ অত্যন্ত সীমিত। ওই এলাকাগুলোর মাত্র ২০ থেকে ৪০ শতাংশ বাড়িতে ওয়াসার পাইপলাইন রয়েছে। অধিকাংশ বাসিন্দা বর্তমানে ৮৫ থেকে ১১০টি বেসরকারি ভেন্ডরের কাছ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ লিটার পানি ২৫ থেকে ৫০ টাকা ব্যয়ে কিনতে বাধ্য হচ্ছেন। এছাড়া সেখানকার ভূগর্ভস্থ পানির লবণাক্ততার মাত্রা ৩ হাজার পিপিএম পর্যন্ত, যা জাতীয় নিরাপদ সীমা ১ হাজার পিপিএম-এর চেয়ে অনেক বেশি। অর্থমন্ত্রী আরও বলেন, শুধু পানি সরবরাহ নয়, বর্ষাকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের বিষয়টি নিয়েও নেদারল্যান্ডস দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি টেকসই উন্নয়নের জন্য প্রকল্পের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। SHARES জাতীয় বিষয়: ওয়াসাচট্টগ্রামনেদারল্যান্ডস দূতাবাসপতেঙ্গাপানি সংকটপিপিপি মডেল