হারপার কলিন্স প্রকাশ করবে সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশের ঘোষণা দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ নভেম্বর ভারতে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শিরোনামের এই বইটি মূলত যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা আলফ্রেড এ ক্নপ্ফ প্রকাশ করছে। এর আগে বইটি ভারতে প্রকাশের জন্য পেঙ্গুইন র্যানডম হাউস ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে বইটির কিছু অধ্যায়ের তথ্যের বিষয়ে আপত্তি জানিয়ে প্রকাশনা সংস্থাটি সোনিয়া গান্ধীকে সেগুলো নতুন করে সম্পাদনার অনুরোধ জানায়। সোনিয়া গান্ধী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ আগস্ট পেঙ্গুইন র্যানডম হাউস বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়। এরপরই হারপার কলিন্স বইটি প্রকাশের দায়িত্ব নেয়। বইটিকে ‘এ সময়ের অন্যতম সবচেয়ে প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা’ হিসেবে আখ্যা দিয়েছে হারপার কলিন্স। তাদের মতে, এটি ভালোবাসা, আত্মপরিচয়, কর্তব্য ও একাত্মতাবোধের এক গভীর ব্যক্তিগত আখ্যান। এতে ১৯ বছর বয়সে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সোনিয়া মাইনোর সঙ্গে রাজীব গান্ধীর পরিচয় ও পরিণয়ের গল্প উঠে এসেছে। পাশাপাশি যুদ্ধপরবর্তী ইতালির ভেনেতোতে নিজের শৈশব, ভারতে আগমন এবং পারিবারিক নানা ঘটনা কীভাবে তার জীবন ও ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করেছে, তা এই বইয়ে বর্ণিত হয়েছে। বইটি নিয়ে বিতর্কের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা চলছে। পেঙ্গুইন র্যানডম হাউস তাদের আপত্তির কারণ হিসেবে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া, আরএসএস এবং লাদাখে চীনা আগ্রাসন নিয়ে সোনিয়া গান্ধীর দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছিল। যদিও পেঙ্গুইন পরে এক বিবৃতিতে জানায়, বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত একান্তই তাদের নিজস্ব এবং কোনো রাজনৈতিক প্রভাবে নেওয়া হয়নি। এর আগেও পেঙ্গুইন র্যানডম হাউস বিতর্কিত হওয়ার আশঙ্কায় মনোজ মুকুন্দ নরবনের ‘ফোর স্টার্স অব ডেস্টিনি’ এবং জো সাকোর ‘দ্য ওয়ান্স অ্যান্ড ফিউচার রায়ট’ বইটি ভারতে প্রকাশ করা থেকে বিরত ছিল। SHARES আন্তর্জাতিক বিষয়: আত্মজীবনীভারতরাজনীতিসোনিয়া গান্ধীহারপার কলিন্স