বেনজীর আমিরাতেই, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সেন্ট লুসিয়ায় নয়, বরং সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের (ঢাকা-১৪) উত্থাপিত এক আলোচনার প্রেক্ষিতে তিনি এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মীর আহমদ বিন কাসেম তার প্রস্তাবে বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে ফিরিয়ে আনার কথা উল্লেখ করেছিলেন। এর প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সংসদ সদস্য সুশিক্ষিত হলেও তার তথ্যে কিছুটা ঘাটতি রয়েছে। গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে সেন্ট লুসিয়ার কথা বলা হলেও, সরকারের পক্ষ থেকে দূতাবাসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সেন্ট লুসিয়া সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নয়, যার অর্থ বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন। প্রতিমন্ত্রী জানান, আমাদের দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তার ওপর নজর রাখার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, বিচারের দীর্ঘ হাত দেশ থেকে পালিয়ে যাওয়া প্রত্যেক সন্ত্রাসীকে টেনে-হিঁচড়ে ফিরিয়ে আনবে। আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সক্রিয় দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি না থাকলেও, প্রতিটি ঘটনার ভিত্তিতে বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে। সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ করছে এবং স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর পরিশ্রম করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় কূটনীতি চালিয়ে যাচ্ছে যাতে বিশেষ বিবেচনায় এই খুনিকে ফিরিয়ে আনা সম্ভব হয়। বেনজীর আহমেদকে ‘খুনি’ ও ‘জাতির দুশমন’ আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছর ধরে তিনি সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা ও মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন চালিয়েছেন। বিরোধী দলীয় সদস্য মীর আহমদ বিন কাসেমের প্রতি সহানুভূতি প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, তাকে এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হতে হয়েছিল। এ সময় গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, কর্নেল জিয়া সিলেট অঞ্চলের বিশিষ্ট নেতা ইলিয়াস আলীকে গুম করার সঙ্গে জড়িত ছিলেন এবং শুনছি তাকে হত্যা করা হয়েছে। সরকার এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অপরাধীদের বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, দেশ লুটে ও মানুষ হত্যা করে যারা পালিয়েছে, তাদের প্রত্যেককে ধরে এনে বিচারের আওতায় আনা হবে। দলমত নির্বিশেষে অপরাধীদের বিচারের জন্য প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। SHARES অন্যান্য বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়বিচার প্রক্রিয়াবেনজীর আহমেদসংযুক্ত আরব আমিরাতসাবেক আইজিপিহুমায়ুন কবির