মিরপুরে শ্রমিক বিক্ষোভে ৪ মামলায় সাড়ে ১০ হাজার আসামি প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬ পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট সাড়ে ১০ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই মামলাগুলোতে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ট্রাফিক বক্স ভাঙচুর এবং পুলিশের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পরিচয় যাচাই-বাছাই চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায় আরও তিনটি মামলা রুজু হয়েছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা, সরকারি কাজে বাধা এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে এসব মামলা করা হয়েছে। পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, প্রতিটি মামলায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভাষ্যমতে, মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা ছিল। ডিবির দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। তারা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন, বরং বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন। উল্লেখ্য, গত রোববার সকাল থেকে মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। সংঘর্ষের সময় মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ওইদিন বেলা ১১টা ৩৮ মিনিট থেকে ১টা ৫৮ মিনিট পর্যন্ত মিরপুর-১০, ১১ ও পল্লবী মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছিল। এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল। সোমবার সকালেও মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা ও মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকায় শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। SHARES অন্যান্য বিষয়: গ্রেপ্তারপোশাক-শ্রমিকমজুরিমামলামিরপুরশ্রমিক বিক্ষোভ