ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নাসিরনগরের চাতলপাড় গ্রামের দয়াল ভূঁইয়া (২৬) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের সজিব মিয়া (২৩)। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, স্পিডবোট চালক সজিব ফুলকারকান্দি এলাকার রোগী চান বানুকে (৫০) নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছিলেন। রোগীকে সেখানে রেখে ফেরার পথে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা বালুবাহী স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা সজিব ও দয়ালসহ তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজিবকে মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দয়াল ভূঁইয়ার বাবা রায়হান ভূঁইয়া জানান, তাঁর ছেলেকে ইউরোপে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন এখন স্মৃতি হয়ে রইল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: দুর্ঘটনানাসিরনগরনিহতব্রাহ্মণবাড়িয়াস্পিডবোট দুর্ঘটনা